নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম জিরো পয়েন্ট সংলগ্ন অল ওয়েদার সড়কে মিঠামইন থেকে ভৈরব গামী একটি যাত্রীবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।এ ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়।
নিহতরা হলেন, নূরে আলম (৪৫), ও মোঃ হাদিস মিয়া (৩০)। নিহত দুজনের বাড়ি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ ও ভরা গ্ৰামে । নিহত নূরে আলম ভরা গ্ৰামের আবদুল হামিদের পুত্র। নিহত হাদিস মালিউন্দ গ্ৰামের আলী হোসেনের পুত্র।
এছাড়াও গুরুতর আহত অন্তত ১০ জন কে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার সকালে মিঠামইন থেকে ২ টি গরু এবং ২৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান চিলিকোট মাজারের উদ্দেশ্য ভৈরবের পথে রওনা দেয়।
গাড়িটি অষ্টগ্রাম জিরো পয়েন্ট আসলে দুটি গরু লাফালাফি শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । পরে তাৎক্ষণিক যাত্রীরা ও গরু সহ পিকআপ ভ্যানটি সড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে।
দূর্ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কবির আহমেদ ভূঁইয়ায নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।প্রাথমিক ভাবে স্থানীয়দের সহায়তায় আহত ৪-৫ জন কে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
পরে গুরুতর আহতদের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়া পিকআপ ভ্যানটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন ।
অতিরিক্ত যাত্রী ও গবাদি পশু বোঝাই করার কারনেই এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে । অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান।

