নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেবেন।’
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালী হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।’
মা-বোনদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা দেশ উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করবো।’

