বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৯ জানুয়ারি ২০২৬ সকালে এক বিবৃতিতে বলেছেন, শেরপুরের ঝিনাইগাতীতে চেয়ারে বসার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে ধরণের সহিংসতা ঘটেছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক।
জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরণের নৃশংসতা জাতিকে হতাশ করেছে। এই ধরণের পরিস্থিতি এড়ানোর জন্য রাজনৈতিক দল ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।
পীর সাহেব চরমোনাই শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক মাওলানা রেজাউল করীমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, এই ঘটনার পূঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে। সহিংসতা তৈরি ও সহিংসতার সাথে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোন অবহেলা বা শিথিলতা থাকলে তাও তদন্ত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে।

