
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে ডিবির এসআই (নিঃ) মো. জামিরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস গোয়েন্দা পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি রায়পুরা থানাধীন আলগী এলাকার বড়হাটির নৌকাঘাটে পরিচালিত হয়।
অভিযানকালে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার গঙ্গাসাগর এলাকার মো. জসিম ভুইয়ার ছেলে মো. মহসিন ভুইয়া ও একই থানা ও জেলার সেনারবাদি গ্রামের সোহাগ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা মাদক ব্যবসায়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি ইনচার্জ জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

