নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের একপাক্ষিক ভূমিকা নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক বক্তব্যের অংশ, যার উদ্দেশ্য ভোটারদের প্রভাবিত করা। তিনি বলেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকে বক্তব্য দিচ্ছেন।

সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে এক লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, পাঁচ হাজার কোস্টগার্ড এবং প্রায় ছয় লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।

এবারের নির্বাচনে বিএনসিসি নিয়োগের কথা জানিয়ে তিনি বলেন, বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সার্বিক নজরদারি থাকবে। সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আগের মতোই নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন এবং বলেন, অপরাধ করলে কেউ পার পাবে না।