মোঃ হাছনাইন
ভোলা জেলার মনপুরা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক এইচ. এম. নাহিদ হাসান শাহীনকে জড়িয়ে একটি ভুঁইফোড় অনলাইন দৈনিক ভোলা নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা।
এক বিবৃতিতে এইচ. এম. নাহিদ হাসান শাহীন বলেন, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে অনলাইন দৈনিক ভোলা নিউজ নামক ভুঁইফোড় নিউজ পোর্টালের মাধ্যমে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে।
উক্ত তথাকথিত সংবাদে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেওয়া একটি ব্যক্তিগত শুভেচ্ছা বার্তার স্ক্রিনশট ব্যবহার করা হয়, যা ইচ্ছাকৃতভাবে বিকৃত ও অপপ্রচারমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি স্পষ্টভাবে জানান, ওই সময়ে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন না এবং কোনো সাংগঠনিক পদেও দায়িত্ব পালন করেননি। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুড়ে দিয়ে তার ব্যক্তিগত সম্মান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সুনাম ক্ষুণ্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার শুধু নৈতিকতাবিবর্জিত নয়, বরং এটি ডিজিটাল সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার চরম লঙ্ঘন। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা একটি গুরুতর অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।
এইচ. এম. নাহিদ হাসান শাহীন দ্ব্যর্থহীন ভাষায় বলেন, প্রচারিত তথাকথিত সংবাদটির সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। তিনি সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ সকল অপপ্রচারকারীদের অবিলম্বে মিথ্যা সংবাদ অপসারণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চূড়ান্ত সতর্কবার্তা প্রদান করেন।
অন্যথায়, ডিজিটাল নিরাপত্তা আইন, দণ্ডবিধি ও মানহানি সংক্রান্ত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ক্ষেত্রে সকল দায়ভার সংশ্লিষ্ট অপপ্রচারকারী, সম্পাদক ও অনলাইন দৈনিক ভোলা নিউজ পোর্টালকেই বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, এই নোংরা অপপ্রচারের সঙ্গে জড়িত সকলকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
বিবৃতির শেষাংশে তিনি বলেন,“সত্যের বিরুদ্ধে এই ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো—ইনশা আল্লাহ। সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হয় না।”

