
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে দীর্ঘদিনের দাবিকৃত নতুন থানা বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি-কে বিশাল গণসংবর্ধনা প্রদান করেছে রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর আড়াকান্দা এলাকায় বর্ণাঢ্য আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের উপস্থিতিতে বাদ্যযন্ত্রসহ মিছিল, ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো চরাঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন আহমেদ ব্যতিক্রমী ভঙ্গিতে সম্মাননা মানপত্র পাঠ করেন এবং তা প্রধান অতিথির হাতে তুলে দেন।
রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জসিম আহমেদ জাহাঙ্গীর ও প্রচার কমিটির আহ্বায়ক বশির আহম্মদ মোল্লা-র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি বলেন,“দেশের জন্য উন্নয়নমূলক ভালো কিছু কাজ করতে পারলে সত্যিই ভালো লাগে। আমাদের যার যার অবস্থান থেকে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন,“চরাঞ্চলে থানা বাস্তবায়নের পর মেঘনা নদীতে একটি সেতু নির্মাণের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। দ্রুতই ভালো কিছু আশা করা যায়।”
চরাঞ্চলের দীর্ঘদিনের সহিংসতা ও অপরাধ প্রসঙ্গে তিনি বলেন,“হানাহানি, মারামারি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন জীবনব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজি ও নৈরাজ্য পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাসযোগ্য চরাঞ্চল গড়ে তুলতে হবে।”
তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান এবং বলেন,
“রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নে আমাদের গর্ব, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
চরবাসীর পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন—শরিয়তপুর জেট এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর, রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান, ঢাকা মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন, নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা. ইমরান সরকার, কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আতউর রহমান, ব্যাংকার আশরাফুল ইসলাম চঞ্চল, শিল্পপতি শাহজান সরকার সোহাগ, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিনসহ প্রশাসন, শিক্ষাবিদ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন থানা বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলে আইনশৃঙ্খলা উন্নয়ন ও নিরাপদ জীবনব্যবস্থা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।

