নিউজ ডেস্ক
গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া দাবি করেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কিছু সদস্য নিয়মিত ডিজিএফআইয়ের কার্যালয়ে কাজ করত। তিনি বলেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের ছত্রছায়ায় এসব কর্মকর্তা ডিজিএফআইয়ের সাতটি বৈঠককক্ষের একটি ব্যবহার করতেন এবং বিভিন্ন ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে তালিকা দিতেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে বলেন, তিনি দায়িত্ব পালনকালে বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন যে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। তিনি জানান, এক কনিষ্ঠ কর্মকর্তা র্যাব থেকে ফিরে এসে স্বীকার করেন যে তিনি ছয়জন মানুষ হত্যায় জড়িত ছিলেন এবং প্রতিটি হত্যার জন্য ১০ হাজার টাকা পেয়েছিলেন, যা তিনি পরে গ্রামের মসজিদে দান করেন।
আরেক ঘটনায় এক লেফটেন্যান্ট কর্নেল তাকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে তিনি ছয়জন নিরস্ত্র মানুষকে হত্যা করেছেন। সাবেক সেনাপ্রধান বলেন, তিনি ওই কর্মকর্তাকে জানান যে নিরস্ত্র বেসামরিক মানুষ হত্যা করা সবচেয়ে নিকৃষ্ট কাজ।
আরও একটি ঘটনায় এক মেজর র্যাব সদস্য হিসেবে একাধিক সন্দেহভাজনকে হত্যা করার কথা স্বীকার করেন। সাবেক সেনাপ্রধান বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ায় তিনি ওই কর্মকর্তাকে ভর্ৎসনা করেছিলেন।
র্যাবের কার্যক্রম সম্পর্কে ইকবাল করিম ভূঁইয়া বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ক্রসফায়ার বন্ধের নির্দেশ দিলেও তা গোপনে চলতে থাকে। তার ভাষায়, যাদের হত্যা করা হতো, তাদের পেটে ইট-পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো বলে তিনি শুনেছেন। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হয় বেনজীর আহমেদ র্যাবের মহাপরিচালক এবং জিয়াউল আহসান অতিরিক্ত মহাপরিচালক হওয়ার পর।

