ওমর ফারুক

নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদী গ্রামে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল (রাত) এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন।


বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম দাবি করেন, তাদের শ্রসিক দলের সাধারণ সম্পাদক আলমগীর আসিফ জামায়াত কর্মীদের হামলায় আহত হয়েছেন।


অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তাদের অন্তত পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে জব্বর নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। মোক্তার নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।


এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।