ওমর ফারুক
বার্তা সম্পাদক

অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে গণভোটে জনগণের দেওয়া গণরায়ের প্রতি সম্মান জানিয়ে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেছে এনসিপি। আনুষ্ঠানিক এই স্বাক্ষর কর্মসূচি দলীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হয়।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন-এর নেতৃত্বে স্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা বলেন, গণভোটে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে তার প্রতি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা জানানো হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এনসিপি অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকারের শেষ দিনে এই স্বাক্ষর কর্মসূচি আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।