ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন প্রভাষক শামীম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্তবরণ ও পিঠা উৎসব উপভোগ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন। ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্বোধককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান ও নৃত্য উপস্থাপন করেন। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে কলেজ মাঠ রঙিন সাজে সেজে ওঠে।

রঙ-বেরঙের পাঞ্জাবি ও বাসন্তী, হলুদ ও কমলা রঙের শাড়িতে সজ্জিত তরুণ-তরুণীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। মাথায় গাঁদা ফুলের মুকুট আর বসন্তের আবহে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। কচি পাতার সবুজ আর আগুনরাঙা শিমুল-পলাশের আবহে যেন প্রকৃতি ও তারুণ্য একাকার হয়ে যায়।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ভাষায়,

“আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,

আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,

এই সংগীতমুখরিত গগণে

তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।”

বসন্তের এই আয়োজন নবপ্রাণের স্পন্দন ছড়িয়ে দেয় উপস্থিত সবার মাঝে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), অফিসার কাউন্সিলের সম্পাদক এস এম আমজাদ হোসেন, অধ্যাপক আবুল বাসার ভুইয়া, অধ্যাপক নাদির হোসেন, বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক সালাউদ্দিন মুর্তজা, পিঠা উৎসব আহ্বায়ক নীগার লায়লা নীলা, শিবপুর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি আরিফ হাসান এবং নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লাসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

সবমিলিয়ে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের এ বসন্তবরণ ও পিঠা উৎসব আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলনমেলায় পরিণত হয়।