বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম পাইলট স্কুলের সামনের রাস্তায় বুধবার ১৮ ই ফেব্রুয়ারি দুপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার মৌ ( ১৪) এর গলায় ছুরি চালিয়েছে মাদকাসক্ত বিল্লাল নামের (৩৫) বছর বয়সী এক যুবক। এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

ঘটনার পর আশে পাশের লোকজন সুমাইয়া কে উদ্ধার করে দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহত সুমাইয়া আক্তার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের উত্তর হাঁটি গ্ৰামের মোঃ মোমেন মিয়ার মেয়ে। এ ঘটনায় বিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মাদকাসক্ত বিল্লাল ( ৩৫) কে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। বিল্লাল অষ্টগ্রাম সদর ইউনিয়নের আদমদীঘির পাড়ের মেরাজ মিয়ার পুত্র।

জানা যায়, ঘটনার দিন দুপুরে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সুমাইয়ার নামের অষ্টম শ্রেণীর ছাত্রী বাড়ি ফেরার পথে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় আসা মাত্রই মাদকাসক্ত বিল্লাল সুমাইয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করে।

অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে বিল্লাল পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবং বিষয়টি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কে অবগত করেন।