
ওমর ফারুক
নরসিংদী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুর উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও প্রথম মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা ফুল দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে স্বাগত জানান।

মতবিনিময় সভায় আলহাজ্ব মনজুর এলাহী এমপি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। শিবপুর উপজেলাবাসীর উন্নয়নই আমার একমাত্র মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিবপুরসহ সারা দেশ থেকে দুর্নীতি ও অনিয়ম নির্মূল করা হবে। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানী, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।”
তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করে শিবপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা ইঞ্জিনিয়ার খোন্দকার গোলাম শওকত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এমপি আলহাজ্ব মনজুর এলাহীর নেতৃত্বে শিবপুরে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

