ওমর ফারুক
বার্তা সম্পাদক

আওয়ামী শাসনামলে নরসিংদীর রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন (সালমা আক্তার) স্বপ্না আহমেদ। আপোষহীন মনোভাব, সাংগঠনিক দক্ষতা এবং মাঠভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে তিনি নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 দলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তাকে রাজপথে সরব দেখা গেছে। বিশেষ করে ‘২৪-এর জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে সাহস ও প্রেরণা জুগিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা এবং নারীর ক্ষমতায়নে দৃঢ় অবস্থানের কারণে স্বপ্না আহমেদ সংরক্ষিত নারী আসনের উপযুক্ত প্রতিনিধি হতে পারেন। তাদের ভাষ্য, “দলের দুঃসময়ে যিনি রাজপথে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাকেই জাতীয় সংসদে দেখতে চায় নরসিংদীর সাধারণ মানুষ।”

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে সাংগঠনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং ত্যাগের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিবেচনায় স্বপ্না আহমেদের নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়।

এদিকে বিষয়টি নিয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে জোর আলোচনা চলছে।

নরসিংদীর রাজনীতিতে নারী নেতৃত্বের বিকাশে (সালমা আক্তার) স্বপ্না আহমেদের সম্ভাব্য অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।