ওমর ফারুক
বার্তা সম্পাদক

বাংলাদেশের জাতীয় সংসদ যখন নতুন যাত্রার দ্বারপ্রান্তে, তখন স্পিকার পদে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব চেয়ে নরসিংদীতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মতে, স্পিকার পদে ড. মঈন খান-কে মনোনয়ন দেওয়া হলে তা হবে ইতিহাসের এক অনন্য ও সময়োপযোগী সিদ্ধান্ত।

নেতৃবৃন্দ বলেন, ড. মঈন খান শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন চিন্তাশীল স্থপতি, যিনি শিক্ষা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোয় সংসদকে আলোকিত করতে সক্ষম। তার আন্তর্জাতিক মানের শিক্ষাগত যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ তাকে এই গুরুত্বপূর্ণ পদে সর্বাধিক যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তারা আরও উল্লেখ করেন, অতীতে মন্ত্রী হিসেবে তিনি সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, নীতিনির্ধারণে যুক্তিনিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং সর্বদা বিরোধী দলের মতামতকে সম্মান করেছেন। 

তার কণ্ঠে রয়েছে যুক্তির দৃঢ়তা, তার দৃষ্টিতে রয়েছে গণতন্ত্রের স্বপ্ন। স্পিকার হিসেবে তিনি সংসদের ভারসাম্যের প্রতীক হয়ে উঠবেন—যিনি সরকার ও বিরোধী উভয় পক্ষকে সমান মর্যাদায় শুনবেন, সংসদীয় শৃঙ্খলা বজায় রাখবেন এবং জনগণের আস্থা পুনর্গঠনে নেতৃত্ব দেবেন।

এ বিষয়ে বক্তব্য প্রদান করেন সারোয়ার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ট্রাক-বাস মালিক সমিতি এবং সভাপতি, ট্রাক-বাস মালিক সমিতি নরসিংদী জেলা শাখা। 

তিনি বলেন,“বর্তমান প্রেক্ষাপটে জাতীয় সংসদের মর্যাদা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য একজন অভিজ্ঞ, জ্ঞানসম্পন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বের প্রয়োজন। ড. মঈন খান সেই যোগ্যতা রাখেন। তিনি স্পিকার হলে সংসদে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে এবং সকল পক্ষের মতামত যথাযথ গুরুত্ব পাবে।”

এছাড়াও বক্তব্য রাখেন মো: হুমায়ুন কবির কামাল, সভাপতি, নরসিংদী জেলা তাঁতীদল। তিনি বলেন,

“আমরা বিশ্বাস করি, ড. মঈন খানের নেতৃত্বে সংসদ হবে আরও কার্যকর ও গতিশীল। তিনি সব সময় নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন থেকেছেন।

 স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষতা বজায় রেখে দেশের গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারবেন।”

নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে, সংসদকে আরও কার্যকর করতে এবং জনগণের আস্থা পুনর্গঠনে ড. মঈন খানকে স্পিকার পদে মনোনীত করা হোক।

তাদের প্রত্যাশা এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় সংসদ নতুন উদ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে।