মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজমিরীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। আজমিরীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১১ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শ্রেণির মানুষদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসএম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হোসেন ( জীবন)। এছাড়া সকল প্রশাসনিক দপ্তররের কর্মকর্তা, কর্মচারী, দলীয় নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আলোচনা সভায় সকল আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, আমাদের চেতনার মূল উৎস এবং আত্মমর্যাদার প্রতীক ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই আত্মত্যাগই ছিল আমাদের স্বাধীনতার বীজ। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না; তাঁদের বীরত্বগাথা প্রজন্ম থেকে প্রজন্মা আমাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সর্বস্তরে বাংলার প্রচলন এবং ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।