ওমর ফারুক
বার্তা সম্পাদক

আসন্ন শিলমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। এ তালিকায় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এক তরুণ প্রবাসী সংগঠকের নাম, যিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।

তিনি দক্ষিণ আফ্রিকায় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে থাকলেও নিয়মিত অনলাইন মিটিং, সাংগঠনিক সমন্বয় এবং রাজনৈতিক প্রচারণামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।

২০১৮ সালে রাজনৈতিক অস্থিরতার সময় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। সে সময় তাকে গ্রেফতার করতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারের সদস্যদের আটক করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং রাজনৈতিক মহলে সহানুভূতির সৃষ্টি করে।

স্বৈরাচার পতনের আগ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় অবস্থান তুলে ধরা, প্রবাসীদের সংগঠিত করা এবং বিভিন্ন ভার্চুয়াল প্রচারণায় অংশগ্রহণ করে আসছেন।

পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের সাথেও যুক্ত রয়েছেন বিশেষ করে অসহায় মানুষের সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রমে।

স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব, প্রবাসী অভিজ্ঞতা এবং সাংগঠনিক সক্রিয়তা তাকে একজন সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। 

যদিও এখনো আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা হয়নি, তবুও তাকে ঘিরে সমর্থকদের মধ্যে প্রত্যাশা বাড়ছে।