
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলায় অধ্যক্ষকে স্বপদে বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা ও নারী হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বাদল মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (দুপুরে) আদিয়াবাদ এলাকায় অবস্থিত আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আয়োজকদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়াকে দায়িত্ব গ্রহণে বাধা দেওয়া হচ্ছে। তারা অভিযোগ করেন, কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা বাদল মিয়া ও তার সমর্থকরা মানববন্ধনে এসে অংশগ্রহণকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে হামলা চালান।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারীকে হেনস্তা করা হয় এবং ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনেও বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বক্তারা আরও বলেন, জুলাই মাসের রাজনৈতিক পটপরিবর্তনের পর অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হলেও তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। দ্রুত তাকে স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা।
ঘটনার খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

