নুরুল কবির
জাতীয় গ্রিড টাওয়ারের পাশে মাটি কাটার প্রস্তুতি, সাতকানিয়ায় ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তৈমুহনী এলাকায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার সংলগ্ন স্থানে মাটি কাটার প্রস্তুতিকালে আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড টাওয়ারের পাশে অবৈধভাবে মাটি কাটার প্রস্তুতির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ঘটনাস্থলে মাটি কাটার সরঞ্জাম ও পানি সেচের কাজে ব্যবহৃত দুইটি ডিজেলচালিত সেলো মেশিন পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন এবং মাটি কাটায় ব্যবহৃত দুইটি সেলো মেশিন বিনষ্ট করে দেওয়া হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের আশপাশে মাটি কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে টাওয়ারের ভিত্তি দুর্বল হয়ে বড় ধরনের দুর্ঘটনা ও বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা থাকে।
স্থানীয়দের অভিযোগ, সাতকানিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে নির্বিচারে মাটি কাটা চলছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। প্রশাসন নিয়মিত অভিযান ও জরিমানা করলেও স্থায়ীভাবে এ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না বলে দাবি করেন তারা। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটিকাটা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

