
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রবিবার (০২ মার্চ ২০২৬) দুপুর ২টায় উপজেলা প্রশাসন, ভৈরব ও বিএসটিআই আঞ্চলিক অফিস নরসিংদীর উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভৈরব বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে।
গুণগতমান যাচাই সাপেক্ষে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ না করে সুইটমিট বিক্রির দায়ে মেসার্স সরদার সুইটসকে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া মেসার্স হোটেল হাজী রাশেদ মোল্লাহ’র ফার্মেন্টেড মিল্ক পণ্যে ওজনে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দুর্জয় মোড় এলাকার আটটি ফলের দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করা হয়। যাচাই-বাছাইয়ে সঠিক ওজন পাওয়া যায় এবং অতিরিক্ত ওজনের পাথর ব্যবহার না করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন ভৈরবের ভূমি সহকারী কর্মকর্তা এ এইচ এম আজিমুল হক।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এছাড়াও ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.