
ওমর ফারুক
নরসিংদীর মাধবদী এলাকায় মানদণ্ড ও লাইসেন্স ছাড়াই ব্যাটারি উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে মাধবদীর শীতলবাড়ি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে “জিয়াংসু জিং ডিং স্টোরেজ কোং লি:” নামীয় প্রতিষ্ঠানে উৎপাদিত লেড এসিড স্টোরেজ ব্যাটারির গুণগতমান পরীক্ষা ও বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

