ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলার শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আররূহ তাহফিজুল কুরআন বালিকা একাডেমি। ২০২৫ সালের মার্চ মাসে একেবারে শূন্য থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে।

সম্প্রতি তানযীমুল মাদারিসিল কাওমিয়া নরসিংদী বোর্ড এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় একাডেমির অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই কৃতিত্বের সঙ্গে মুমতাজ ফলাফল অর্জন করেছে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান লাভ করেছে—একজন ৩য় এবং আরেকজন ৫ম।

এছাড়াও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড এর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সেখানে একাডেমির দুইজন শিক্ষার্থী মেধাতালিকায় ১ম ও ৩য় স্থান অর্জন করেছে এবং বাকিরাও মুমতাজ ফলাফল নিয়ে কৃতকার্য হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, নরসিংদী জেলায় কুরআন শিক্ষার ক্ষেত্রে আররূহ তাহফিজুল কুরআন বালিকা একাডেমি একটি নতুন সংযোজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই এমন সাফল্য অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও নিবেদিত প্রচেষ্টার প্রমাণ বহন করে।

জেলার শিক্ষানুরাগী মানুষ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে আরও বহু হাফেজা তৈরি হবে, যারা কুরআনের আলো ছড়িয়ে দেবে সমাজে। একই সঙ্গে এটি নরসিংদী জেলার ধর্মীয় শিক্ষা বিস্তারে একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে থাকবে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, তারা আশা করেন এই ছোট্ট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজ ও উম্মাহর খিদমতে কাজ করে যাবে।