ওমর ফারুক
বার্তা সম্পাদক

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদী। অভিযানে একটি বেকারি ও একটি পেট্রোল পাম্পসহ দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ৮ মার্চ ২০২৬ তারিখে নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা প্রশাসন শিবপুর ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দুলালপুর বাজারে অবস্থিত মেসার্স শাহ জালাল বেকারি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুর রহিম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মনি।

অপরদিকে ১১ মার্চ ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় উপজেলা প্রশাসন ভৈরব ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সমন্বয়ে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন-এর ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করে দেখা যায়, একটি পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন-এর ডিসপেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে সঠিক পরিমাপ পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এছাড়াও অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক অনিন্দ্য দে উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।