ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরা আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল আলী মৃধার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, কুরআনখানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।বুধবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে স্মৃতিচারণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের সভাপতি এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাকবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম আপেল ও রফিকুল হক, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মোহন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রধান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি হাজী ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মাছুম মৃধা, প্রচার সম্পাদক আমিন মৃধাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য, নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে ‘সিংহপুরুষ’ খ্যাত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে নরসিংদীসহ রায়পুরা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তার জানাজা তিন স্থানে অনুষ্ঠিত হয়—নরসিংদী সরকারি কলেজ মাঠ, রায়পুরা সিরাজনগর হাইস্কুল মাঠ এবং আমিরগঞ্জ বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে। পরে তাকে বালুয়াকান্দি কবরস্থানে দাফন করা হয়।বর্ষীয়ান এই রাজনীতিক রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।

ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।