নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হাসিব আলীর বিরুদ্ধে আদালতের মামলার তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, প্রতিবেদনে সহায়তার আশ্বাস দিয়ে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরও প্রতিশ্রুতি ভঙ্গ করে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধেই আদালতে প্রতিবেদন দিয়েছেন হাসিব আলী নামের এই ভুমি কর্মকর্তা।
এ ঘটনায় রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়া নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে বাচ্চু মিয়া নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ভূমি অপরাধ মামলা দায়ের করেন (মোকদ্দমা নং–১৬/২০২৫)। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয় পাড়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হাসিব আলীকে।
ভুক্তভোগীর দাবি, মামলার প্রতিবেদন তার পক্ষে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। পরে দরকষাকষির মাধ্যমে ১৪ হাজার টাকায় বিষয়টি ‘মীমাংসা’ করার প্রস্তাব দেন। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে নরসিংদী শহরের একটি বাসায় ৪ হাজার টাকা এবং রায়পুরা থানা বাসস্ট্যান্ড এলাকায় আরও ১০ হাজার টাকা তাকে দেওয়া হয়।
কিন্তু টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি রাখেননি অভিযুক্ত কর্মকর্তা। বরং পরে আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগীর বিপক্ষে মতামত দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী বাচ্চু মিয়া বলেন, “রিপোর্ট আমার পক্ষে দেওয়ার কথা বলে টাকা নিলেন। পরে দেখি আদালতে আমার বিপক্ষেই রিপোর্ট দিয়েছেন। টাকা ফেরত চাইলে উল্টো খারাপ আচরণ করেন এবং বলেন সরকারি কর্মকর্তাকে দেওয়া টাকা ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই।”
তিনি আরও জানান, এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত কর্মকর্তা ফোন কেটে দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ হাসিব আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “আপনি রিপোর্ট করেন আর যাই করেন, উল্টান! আমাকে এই ব্যাপারে কোনো ফোন দেবেন না।”
এদিকে উপজেলা ভূমি কর্মকর্তা মুনমুন পালের সঙ্গে দুই দিন চেষ্টা করেও সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি মুঠোফোনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, বিষয়টি তার জানা নেই। তবে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়ে থাকলে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে ঘুষ নেওয়ার এমন অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

