
ওমর ফারুক
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে মানবতা সমাজকল্যাণ সংস্থা। সংগঠনের অভিভাবক ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি নরসিংদী শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, শ্রমজীবী ও রোজাদার মানুষের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। এতে কয়েক শতাধিক মানুষ ইফতার গ্রহণ করেন।
সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মাঈনুদ্দিন ভুঁইয়া বলেন, মানবতা সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি বলেন, সমাজসেবামূলক কাজে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তারা।
তিনি আরও বলেন, আগামী দিনেও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপির নেতৃত্বে নরসিংদীতে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

