
নরসিংদী সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাদুয়ারচর এলাকায় মেসার্স খন্দকার অটো পার্টস নামীয় প্রতিষ্ঠানে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বীরপুর সিএনজি স্ট্যান্ডে এক তেল বিক্রেতাকে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় পৌরসভা মোড় এলাকায় অবস্থিত মেসার্স জনতা বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রি ও বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে চৌয়ালা এলাকার মেসার্স মৌমিতা বেকারী-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সাহেপ্রতাপ এলাকার মেসার্স আজাদ ফিলিং স্টেশন, মেসার্স ভুইয়া সিএনজি এন্ড কনভার্সন এবং পাচদোনা এলাকার মেসার্স ভুইয়া সিএনজি প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালিয়ে ডিজেল বিক্রি স্বাভাবিক ও পরিমাপে সঠিক পাওয়া যায়।
পাশাপাশি অকটেন ও পেট্রোল স্টোরেজ ট্যাংক পরীক্ষা করে তেল পাওয়া যায়নি বলে জানানো হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.