ওমর ফারুক
বার্তা সম্পাদক

মেঘনাঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: প্রকাশ্যে মদ্যপান, ৪ যুবকের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি:

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনশৃঙ্খলা বজায় রাখতে নরসিংদী সদর উপজেলার মেঘনাঘাট এলাকায় বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযান চলাকালে মেঘনাঘাট এলাকার হাওয়া রেস্টুরেন্টে প্রকাশ্যে মদ্যপানরত অবস্থায় একদল যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ে চারজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং এলাকায় সন্দেহভাজন কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সেই লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভবিষ্যতেও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ অনেকটাই কমে আসবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।