হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ ও তার মেয়ের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রওশন মন্ডলসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মৃত হবিবুর রহমানের ছেলে মো. রওশন মন্ডল, রুহুল আমিন ওরফে লাল মিয়া, রুহুল আমিন ওরফে লাল মিয়া স্ত্রী মোছাঃ নুর নাহার বেগম, মো. রওশন মন্ডল স্ত্রী মোছাঃ মালেকা বেগম এবং মৃত হবিবুর রহমানের মোছাঃ রোকেয়া বেগম। তারা সকলেই উপজেলার ৭নং রামজীবন ইউনিয়নের পশ্চিম সুবর্ণদহ গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোছাঃ ছালেহা বেগম, স্বামী মৃত তাজরুল ইসলাম, তার স্বামীর জীবদ্দশায় বিক্রিত ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির দলিল সম্পন্নের প্রক্রিয়ায় রেকর্ড সংক্রান্ত জটিলতা দেখা দিলে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার মেয়েদের ওপর চাপ সৃষ্টি করে এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। তারা স্ট্যাম্পে স্বাক্ষর না করায় তাদের বাড়িতে অর্তকিত হামলা শুরু করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গালিগালাজ শুরু করে এবং বাধা দিলে ছালেহা বেগমকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়েকেও মারধর করা হয়। লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করলে সে হাত দিয়ে প্রতিহত করলে তার হাতে গুরুতর আঘাত লাগে। হামলার সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়েকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

