নিউজ ডেস্ক

আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এখানেই প্রথম গণহত্যা শুরু হয় এবং সেই প্রেক্ষাপট থেকেই স্বাধীনতার ঘোষণার পথ তৈরি হয়।

মন্ত্রী আরো বলেন, ওই সময়ের গণহত্যার খবর পেয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন। একেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ বলে অভিহিত করেন।

শহিদদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনের সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর আগে জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনিও সেখানে শ্রদ্ধা জানান। এরপর স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজারবাগে আসেন।

দীর্ঘ কয়েক বছর পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।

ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সংস্কার বিষয়ে তিনি বলেন, বাহিনীকে আধুনিক ও দক্ষ করে তুলতে বিভিন্ন উন্নত দেশের সঙ্গে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।