ওমর ফারুক
বার্তা সম্পাদক

“চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, আপনি জাগলে জাগবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ”এই স্লোগানকে ধারণ করে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে মাদক নির্মূলে শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্দেশনায় স্থানীয় যুবদল কর্মীরা এই উদ্যোগ গ্রহণ করেন।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে মরজাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

শপথ পাঠ অনুষ্ঠানে যুবদল কর্মীরা অঙ্গীকার করেন নিজেরা কখনও মাদকের সঙ্গে জড়িত হবেন না এবং সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করবেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার জন্য নিয়মিত প্রচার-প্রচারণা চালানোরও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আয়োজকরা জানান, মাদকমুক্ত মরজাল ইউনিয়ন গড়ে তুলতে ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সভা-সমাবেশ এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত যুবদল নেতা-কর্মীরা মাদকবিরোধী স্লোগান দেন এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।