
নরসিংদীতে সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক এমপির স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নরসিংদীর আরশীনগরের বটমূলে এছাক স্মৃতি সংসদের উদ্যোগে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি আলহাজ্ব সরদার শাখায়াত হোসেন সরদার, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি আলহাজ্ব মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু ও ভিপি তোফাজ্জল হোসেন, অর্থবিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও তোরণ নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণসহ গণভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক ২০০৫ সালের ২৭ মার্চ ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা ছিলেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন। ‘শেষ উপহার’ চলচ্চিত্রের ‘চিরদিন তোমাকে ভালোবেসে যাব’ গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন।
এছাড়া তিনি সাপ্তাহিক ‘আরশীতে মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন। তার রচিত শতাধিক গান রেডিও ও টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং ১৫টিরও বেশি নাটক মঞ্চস্থ হয়েছে।
১৯৪১ সালের ১ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তার পিতা মোল্লা মোসলেহ উদ্দিন আহমেদ ও মাতা নূর খাতুন বেগম।
তিনি ১৯৬৮ সালে শ্রমিক নেতা হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন, ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১৯৭৩ সালে নরসিংদী পৌরসভার ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ ও ১৯৮৯ সালে পরপর দুইবার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি আনোয়ারা বেগম, ইয়াসমিন বেগম ও সাবেক সংসদ সদস্য রোকেয়া আহমেদ লাকীকে বিয়ে করেন। তিনি আট ছেলে ও চার মেয়ে সন্তানের জনক।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.