ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীতে স্বাস্থ্যখাতে অনিয়ম, লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং অপর একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের তরোয়া এলাকা ও বাসাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন গুরুতর অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, জেলা পুলিশ নরসিংদী, র‍্যাব-১১ সিপিএসসি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানকালে বাসাইল এলাকার ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল-এ দেখা যায়, ২০১৮ সালের পর থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি।

এছাড়া ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, নরসিংদী সদরের তরোয়া এলাকায় অবস্থিত ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল-এ অভিযান চালিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানা গেছে। এছাড়া হাসপাতালটির লাইসেন্স নবায়ন ছিল না এবং ল্যাব পরিচালনারও কোনো বৈধ অনুমোদন পাওয়া যায়নি।

অভিযানে আরও দেখা যায়, অপারেশন থিয়েটার ছিল অনুপযুক্ত ও অপরিচ্ছন্ন। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা, বেড অকেজো থাকা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষাসহ বিভিন্ন গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করা হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা কোনোভাবেই সহ্য করা হবে না।

প্রশাসনের মতে, এ ধরনের অভিযান স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।