
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রথম হামলার পর মামলা করার প্রস্তুতির মধ্যেই দ্বিতীয় দফা হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মৃত মনু ভূইয়ার ছেলে হাসান আহম্মেদ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সরাইল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিনের বিরোধ ও চলমান মামলার জেরে পূর্বের মামলার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
গত ২০ মার্চ শুক্রবার রাতে পাকশিমূল ইউনিয়নের বরইচারা গ্রামের কান্দা এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। ওইদিন রহিছ উদ্দিন ভূইয়ার ছেলে জীবন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ. রোডস্থ “গেজেট জোন” নামে একটি মোবাইলের দোকান থেকে ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় তিনদিনের বিক্রির ৭ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিদের হামলার শিকার হন। এতে তিনি গুরুতর জখম হন এবং তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। তাকে রক্ষা করতে গেলে খুরশীদ ভূইয়ার ছেলে উজ্জল মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।
এরপর মামলা করার প্রস্তুতির মধ্যেই পরদিন ২১ মার্চ শনিবার ঈদের দিন সকালে আসামিরা পুনরায় আহতদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা দা, লাঠি ও লোহার রড নিয়ে মারধর ও বাড়ীঘরে ভাঙচুর চালায়। এতে ফয়জল হকের স্ত্রী এশা বেগমের হাত ভেঙ্গে ফেলে ও জীবন আহমেদের স্ত্রী শরীফাও গুরুতর আহত হন এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও হামলার পর বাদীপক্ষের পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগও উঠেছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, মৃত ছায়েদ আহমেদের ছেলে নজরুল ইসলাম, তার ভাই এনামুল, খায়রুল, বাহালুলসহ একই গ্রামের দেলু মিয়া, ছালাম মিয়া, তাবারক মিয়া, রাজিব মিয়া প্রমুখ।
অন্যদিকে, আসামিপক্ষ থেকেও একটি পাল্টা মামলা করা হয়েছে। এতে তাজুল ইসলামের ছেলে মুন্নাকে ৯নং আসামি করা হলেও ঘটনার কয়েকদিন আগেই তিনি প্রবাসে চলে গেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া বলেন, হাসান আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় একজন গ্রেফতার আছে। তবে আসামী পক্ষ থেকেও একটি পাল্টা মামলা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.