
নরসিংদীতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত জেলার পলাশ উপজেলার জিনারদী এলাকার মূলপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সমন্বিত দল অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে একটি স্থানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করে প্রায় ৮ লাখ ৬৭ হাজার টাকার বেশি অর্থ আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ীদের বিরুদ্ধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.