
দেশের বন্ধ থাকা পাটকলগুলো দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিল চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরো গতিশীল হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরবর্তীতে তিনি ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস এবং প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্কও পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ মিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া ও আগ্রহপত্র (ইওআই) আহ্বানের কাজ সম্পন্ন হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে এসব মিল পরিচালনার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করে শিল্পাঞ্চলগুলো পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে, যা বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ।
তিনি আরো বলেন, নরসিংদীর এসব শিল্পকারখানায় একসময় হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল, যা স্থানীয় মানুষের আবেগের সঙ্গেও জড়িত। মিলগুলো পুনরায় চালু হলে স্থানীয় পর্যায় থেকেই অধিকাংশ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তবে কিছু কারিগরি পদে বাইরের জনবল নিয়োগ দেওয়া হতে পারে। এতে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম ও শাহাদত হোসেন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.