
আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও আলোচনা সভা। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।
জাতীয় সাংবাদিক সংস্থা'র মহাসচিব আলমগীর গনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
তিনি বলেন, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং একটি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম ভিত্তি। একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা নিশ্চিত করাই আজকের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত।”
নীতি নির্ধারণ পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ১৯৯১ সালে নামিবিয়ার উইন্ডহুকে গৃহীত ঘোষণার প্রেক্ষিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা মানে শুধু সংবাদ প্রকাশের স্বাধীনতা নয়, বরং সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা।”
প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা নানা চাপ, হয়রানি ও ঝুঁকির মধ্যে কাজ করছেন। সত্য প্রকাশ করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণতা পাবে না।”
নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মনজুর হোসেন বলেন, একটি সুস্থ সমাজ গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তিনি বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং নৈতিকতার ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজের ভিত্তি দাঁড়িয়ে থাকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের ওপর। কিন্তু বাস্তব চিত্রে দেখা যায়, সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই নির্যাতন, হয়রানি ও নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন—যা শুধু তাদের পেশাগত নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও গুরুতর হুমকি সৃষ্টি করছে।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান—সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও পেশাগত নীতিমালা মেনে চলা, দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভার শেষভাগে প্রতিধ্বনিত হয় এক জোরালো অঙ্গীকার—সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে একসঙ্গে, দৃঢ় কণ্ঠে এগিয়ে আসতে হবে। এ আয়োজন যেন নতুন উদ্দীপনায় মনে করিয়ে দিল, স্বাধীন গণমাধ্যম শুধু একটি আদর্শ নয়, বরং গণতন্ত্রের প্রাণস্পন্দন—যা রক্ষায় সম্মিলিত সচেতনতা, সাহস ও প্রতিশ্রুতির কোনো বিকল্প নেই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.