
সারাদেশের সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’।
গত ৯ মে মতিঝিলস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফালু মিয়াকে (স্টাফ রিপোর্টার) বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথিতযশা অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক পরিচালক মিজানুর রহমান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক কুমার ধর।
প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিকতা এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য প্রকাশে আপসহীন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তারা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক ফালু মিয়া বলেন, "আলহামদুলিল্লাহ, যেকোনো কাজের স্বীকৃতি নতুন করে অনুপ্রেরণা যোগায়। এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।
আমি যেন আমৃত্যু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।"
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে অতিথিবৃন্দ কৃতি সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.