
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে দালাল হিসেবে আখ্যায়িত করে আটক করার প্রতিবাদে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দেশের ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল দশটার দিকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের গেইটে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক বিক্রয় প্রতিনিধি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, লোকমান হোসেন ( সভাপতি) তাহসিন ইসলাম ( সাধারণ সম্পাদক) , ফয়সাল আহমেদ, সাদিকুর রহমান, আনোয়ার হোসেন, রবিউল আউয়াল, মতলেব মিয়া, জামাল হোসেন, ও শফিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত তথ্য তুলে ধরার মাধ্যমে তারা রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা মেডিকেল ও আইসিএমএইচসহ বিভিন্ন স্থানে প্রতিনিধিরা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সরকারের কাছে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ মে সকালে দালালবিরোধী অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। এর প্রতিবাদেই ওষুধ কোম্পানির প্রতিনিধি এ মানববন্ধনের আয়োজন করে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.