
নরসিংদীর রায়পুরা উপজেলা শ্রমিক দলের অব্যাহতি পাওয়া সভাপতি মোঃ মুসা মিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।
চিঠিতে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ, নির্যাতন ও কারাভোগের কথা তুলে ধরে সাম্প্রতিক সময়ে দলীয় কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ, হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন।
খোলা চিঠির শুরুতেই মুসা মিয়া উল্লেখ করেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তার রাজনৈতিক জীবনের সূচনা। বিএনপির আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে একাধিকবার মামলা, হামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। ২০১৪ সালে রাজনৈতিক মামলায় দীর্ঘদিন নরসিংদী জেলা কারাগারে আটক ছিলেন।
এছাড়া ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলা ও টিয়ার গ্যাসের শিকার হন। ওই ঘটনায় আহত অবস্থায় প্রায় দেড় ঘণ্টা অচেতন ছিলেন বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।
পরবর্তীতে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কারাবন্দি ছিলেন বলেও দাবি করেন।
তিনি জানান, ২০২২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়ার পর প্রায় তিন মাস কাশিমপুর কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন কাটাতে হয়েছে তাকে।
খোলা চিঠিতে মুসা মিয়া অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাকে পরিকল্পিতভাবে দলীয় কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে।
তিনি দাবি করেন, গত ৫/৬ দিন আগে মাগরিবের নামাজ আদায়ের সময় স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরীর সঙ্গে শ্রীনগর রেলগেইট এলাকায় তার সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় কুশল বিনিময়ের মুহূর্তের একটি ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় এবং সেটিকে কেন্দ্র করে দলীয় হাইকমান্ডের কাছে অভিযোগ দেওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনাকে ইস্যু করে তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, এটি মূলত তার রাজনৈতিক জনপ্রিয়তা ও প্রভাব খর্ব করার অংশ।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী মাত্র ৩৭ ভোট পেয়েছেন।
অথচ ওই কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৭ হাজার ৫০০ ভোটার রয়েছেন। এমন ফলাফলের পরও তাকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মুসা মিয়া বলেন, “আমি, আমার পরিবার এবং আমার আত্মীয়-স্বজনদের ভোটের সংখ্যা প্রায় ৮০/৯০ জনের বেশি। এরপরও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
খোলা চিঠির শেষাংশে তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তথ্যভিত্তিক ও ন্যায়সঙ্গত সমাধান করা হোক। একইসঙ্গে তিনি দলীয় নেতৃত্বের সুদৃষ্টি কামনা করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.