
কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগমের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখা, অর্থের বিনিময়ে বহিরাগত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, বোর্ড বই বিক্রি, হাজিরা খাতায় অতিরিক্ত শিক্ষার্থী দেখানো এবং বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ করে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে বিদ্যালয়টিতে ৪৭ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হয়। এর মধ্যে টেস্ট পরীক্ষায় ২৮ জন কৃতকার্য হয় এবং আরও ১৫ জন অনিয়মিত শিক্ষার্থী ছিল।
তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর পাশাপাশি গঠনিকা বিদ্যানিকেতন ও নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও প্রায় ৫০ জন শিক্ষার্থীর ফরম পূরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এসব শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।অভিযোগে বলা হয়, একাধিক বিষয়ে অকৃতকার্য বহিরাগত শিক্ষার্থীদের ফরম পূরণ করা হলেও নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি হাবীবা, সৃজন রক্ষিত ও শাহাদাত হোসেনের ফরম পূরণ করা হয়নি।
এছাড়া কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ায় মানবিক বিভাগের শিহাব (রোল-৩১১২৭৪), মোঃ রিফাত (রোল-৩১১২৭৫), ব্যবসায় শিক্ষা বিভাগের বিপুল রায় (রোল-৩১১২৮১), শোভন এগ্নেসিয়াস ক্রুশ (রোল-৫১৪০২১) ও নিরব হোসেনের (রোল-৫১৪০২২) প্রবেশপত্র আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে ফরম পূরণ করেও তারা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
ভুক্তভোগী শিক্ষার্থী মোঃ রিফাতের মা হোসনেয়ারা আক্তার অভিযোগ করে বলেন, “প্রবেশপত্র আসার পরও প্রধান শিক্ষিকার চাহিদামতো টাকা দিতে না পারায় আমার ছেলেকে প্রবেশপত্র দেওয়া হয়নি। এতে তার শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে গেছে।”
এছাড়াও অন্য কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকও একই ধরনের অভিযোগ করেছেন বলে জানা গেছে।অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের কোনো সহকারী শিক্ষক প্রধান শিক্ষিকার অনিয়মের প্রতিবাদ করলে তাদের শোকজসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ১২ বছর ধরে বিভিন্ন শ্রেণিতে প্রকৃত ভর্তিকৃত শিক্ষার্থীর তুলনায় হাজিরা খাতায় দুই থেকে তিনগুণ বেশি শিক্ষার্থীর নাম দেখিয়ে উপজেলা শিক্ষা অফিস থেকে অতিরিক্ত বোর্ড বই উত্তোলন করা হয়।
পরে সেসব বই পার্শ্ববর্তী গঠনিকা বিদ্যানিকেতন, নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন-১ (দূর্বাটি) ও নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন-২ (ভাদার্ত্তী) সহ বিভিন্ন অননুমোদিত প্রতিষ্ঠানে উচ্চমূল্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৭ মে নাগরী ইউনিয়নের গঠনিকা বিদ্যানিকেতনের মালিকানাধীন একটি দোকান থেকে বিভিন্ন শ্রেণির দুই বস্তা বোর্ড বই উদ্ধার করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম।
এ বিষয়ে গঠনিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র বণিক বলেন, “আমাদের বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি না থাকায় গত ১০ বছর ধরে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে বোর্ড বই সংগ্রহ, রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম বলেন, “বেসরকারি কিন্ডারগার্টেন ও এলাকাবাসীর অনুরোধে বিদ্যালয়ের স্বার্থে বহিরাগত শিক্ষার্থীদের বোর্ড বই ও ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।
টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ পাঁচজন শিক্ষার্থীর ভুলবশত ফরম পূরণ হয়েছিল, তাই তাদের প্রবেশপত্র দেওয়া হয়নি।”বহিরাগত অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণ, বোর্ড বই বিক্রি ও অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ ও আর্থিক লেনদেনের বিষয়ে তিনি দাবি করেন, “পূর্ববর্তী কমিটির সঙ্গে আলোচনা করেই সব কাজ করা হয়েছে।”
এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, “বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.