
নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া চকপাড়া এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে স্থানীয় সালিশে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি শনিবার দুপুরে ঘোড়াদিয়া চকপাড়া এলাকায় ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই এলাকার নাঈম নামের এক যুবক বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে আওলাদ মোল্লা, মোশারফ হোসেন স্বজল, মাজহারুল হক টিটু, মোয়াজ্জেম হোসেন খোকা, আমজাদ ভূইয়া, সেলিম, অরুন, বাদল ও সাঈদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
অভিযোগ রয়েছে, সালিশ বৈঠকে মেয়ের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। এ সিদ্ধান্তে অপমান ও মানসিক চাপে পড়ে তরুণী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাঈম কিংবা সালিশে উপস্থিত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.