
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কাঁটাখালী হাইওয়ে পুলিশ। হাইওয়ে খুলনা রিজিয়নের সম্মানিত এসপি জাকারিয়া মহোদয়ের দিকনির্দেশনায় কোরবানির ঈদ উপলক্ষে কাঁটাখালীসহ সকল থানা এলাকায় অতিরিক্ত ডিউটি টিম মোতায়েন করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে চলছে পুলিশের রাতদিন ২৪ ঘণ্টার নিবিড় তৎপরতা।
খুলনা-বাগেরহাট এবং খুলনা-মোংলা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাঁটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদের তত্ত্বাবধানে বিশেষ তদারকি কেন্দ্র (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধির উপস্থিতিতে সার্জেন্ট রুদ্র তারেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টহল দল স্পিড গানের মাধ্যমে প্রতিটি গাড়ির গতিসীমা পরিমাপ করছে।
এ সময় গতিবিধি পর্যবেক্ষণকালে প্রয়োজনীয় কাগজপত্র (ট্যাক্স টোকেন) হালনাগাদ না থাকায় দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও, নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন বেশ কিছু মোটরসাইকেল থামিয়ে সেগুলোর প্রয়োজনীয় নথিপত্র ও মালামাল যাচাই করা হয়। কোনো প্রকার ত্রুটি বা অসঙ্গতি না পাওয়ায় চালকদের ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা জানিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডিউটি চলাকালীন সময়ে সার্জেন্ট রুদ্র তারেক আমাদের প্রতিনিধিকে জানান, "ঈদ উদযাপনে ঘরমুখী মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণ এবং বৈধ কাগজপত্র সাথে রেখে গাড়ি চালানোর জন্য আমরা চালকদের উদ্বুদ্ধ করছি।" নিরাপদ ও যানজটমুক্ত মহাসড়ক উপহার দিতে হাইওয়ে পুলিশের এই প্রশংসনীয় কার্যক্রম এবং কঠোর নজরদারি ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.