
নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় মাধবদী পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৭ মে) পরিচালিত এ অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে ৮ জন ব্যক্তিকে ৮টি পৃথক মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদীর তত্ত্বাবধানে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
অভিযানের সময় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কার্যক্রম চিহ্নিত করা হয়।অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক করে বলা হয়, রাস্তা ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা যাবে না।
জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে এবং পৌর এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা নষ্ট হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পৌর এলাকার সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।
অনেক ক্ষেত্রে অবৈধভাবে দোকান স্থাপন ও মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব অনিয়ম বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।এ সময় অবৈধ দখলদারদের দ্রুত স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীসহ সকলকে সরকারি আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি নাগরিক স্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত পৌর এলাকা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.