
মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতির গর্ব বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিকে অম্লান করে রাখতে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মহাসড়ক সংলগ্ন এলাকায় নির্মিত ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই দৃষ্টিনন্দন ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
মোনাজাত শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম এবং বীরত্বগাথা স্মরণ করেন। তারা বলেন, “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শুধু রায়পুরা বা নরসিংদীর নন, তিনি সমগ্র জাতির অহংকার। তাঁর স্মরণে নির্মিত ‘বাংলার ঈগল’ ম্যুরাল নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার অনুপ্রেরণা যোগাবে।”
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের স্মারক ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিকে ধারণ করে নির্মিত ‘বাংলার ঈগল’ ম্যুরাল রায়পুরার একটি নতুন ঐতিহ্য ও দর্শনীয় স্থানে পরিণত হবে। একই সঙ্গে এটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.