
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিরোধীদলীয় নেতা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়। উভয় পক্ষ শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সূত্র জানায়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে বিরোধীদলীয় নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর সরকারের প্রতি রোহিঙ্গা সংকটে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বাংলাদেশ সফরের জন্য তুর্কি প্রতিনিধি দলকে পুনরায় অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.