
"সবার আগে দেশ, সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে মনোহরদী পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালায়।
র্যালিতে অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।র্যালি শেষে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির শেষে উপস্থিত সকলকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.