
নরসিংদীর বেলাব উপজেলার মুগা এলাকায় শত বছরের ভোগদখলীয় জমি দখল, চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে রুবেল নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ আ. বাতেন নরসিংদীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বর্তমানে অভিযুক্ত ও তার সহযোগীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী আ. বাতেন জানান, তার দুই ছেলে প্রবাসে থাকায় বাড়িতে নারী ও শিশুরাই বসবাস করেন। এই সুযোগে পাশের বাড়ির বাসিন্দা ও বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল রুবেল দীর্ঘদিন ধরে তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মে আ. বাতেন তার নিজস্ব মালিকানাধীন জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে কনস্টেবল রুবেল বাধা দেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বেলাব থানায় মামলা করতে গেলে অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য হওয়ায় মামলা নিতে অনীহা প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিলেও অভিযুক্তের প্রভাবে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে ভুক্তভোগী আদালতে নারাজি আবেদন করলে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন।
অভিযোগে আরও বলা হয়, আদালতের নির্দেশে পুনঃতদন্ত শুরু হওয়ার পর গত বছরের ২৬ আগস্ট কনস্টেবল রুবেল তার সহযোগীদের নিয়ে ওই জমিতে জোরপূর্বক বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। হামলায় নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় বাড়ি থেকে স্বর্ণালংকার লুটের অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে এখন মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছেন। এতে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এদিকে চাঁদাবাজির মামলার তদন্তে গড়িমসির অভিযোগ তুলে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন আ. বাতেন। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর বিষয়টি তদন্তের নির্দেশ দেন। গত ৬ জুন ভুক্তভোগী ও সাক্ষীরা তার কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।
অভিযুক্ত কনস্টেবল রুবেল ও তার সহযোগীদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে আমরা সাক্ষ্য গ্রহণ করেছি।
মামলার পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফকে পরিবর্তন করে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.