
নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) মাধবদী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন মাদকাসক্ত ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাধবদী পৌরসভা এলাকায় পরিচালিত অভিযানে একজন ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অপরদিকে, একই দিনে মাধবদী পৌরসভা এলাকায় চলমান একটি উন্নয়ন প্রকল্পের কাজও সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
প্রকল্পের উন্নয়নমূলক কাজ ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে কিনা এবং প্রাক্কলনের সম্ভাব্যতা যথাযথ রয়েছে কিনা তা পুনরায় যাচাই করা হয়।
পরিদর্শনকালে প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিত করা এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সঙ্গে জনস্বার্থে আইন প্রয়োগ ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে জনগণকে আরও কার্যকর সেবা প্রদানে প্রশাসন কাজ করে যাচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.