
আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও জনপদ।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে ব্যাপক আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম রুদ্র। উন্নয়ন, সুশাসন এবং জনসেবার প্রত্যয় নিয়ে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন।
"উন্নয়ন, শান্তি ও মানবিকতার রায়পুরা গড়তে চাই" এই প্রত্যয়কে সামনে রেখে সাইফুল ইসলাম রুদ্র দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন।সাইফুল ইসলাম রুদ্র বলেন, রায়পুরা একটি সম্ভাবনাময় উপজেলা হলেও বিভিন্ন ক্ষেত্রে এখনও অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে। তিনি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে একটি কার্যকর ও জনমুখী উপজেলা পরিষদ গড়ে তুলতে কাজ করবেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।
তিনি মনে করেন, সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে একটি উন্নত ও আধুনিক রায়পুরা গড়ে তোলা সম্ভব।উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ গুরুত্ব দেওয়া হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রায়পুরাকে একটি ডিজিটাল ও স্মার্ট উপজেলায় রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হবে।সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে তিনি তার অগ্রাধিকারের অন্যতম খাত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের পরিকল্পনাও রয়েছে তার।
রায়পুরার বহুল আলোচিত টেঁটাযুদ্ধ প্রসঙ্গে সাইফুল ইসলাম রুদ্র বলেন, "টেঁটাযুদ্ধ শুধু কয়েকটি পরিবারের নয়, পুরো রায়পুরার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি বিশ্বাস করি, সামাজিক সচেতনতা, পারস্পরিক সম্প্রীতি এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
আমি চাই একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও সংঘর্ষমুক্ত রায়পুরা।"তিনি আরও বলেন, "আমি জনগণের প্রতিনিধি হতে চাই, শাসক হতে নয়। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবক হিসেবে কাজ করতে চাই।
সরকারি সুযোগ-সুবিধা, অনুদান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
"গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "আমার স্বপ্ন এমন একটি রায়পুরা গড়ে তোলা, যেখানে কোনো মানুষ অভুক্ত থাকবে না। সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
"এদিকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল ইসলাম রুদ্র একজন ভদ্র, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
অনেকেই মনে করেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে সক্ষম হবেন।স্থানীয় কয়েকজন ভোটার জানান, রায়পুরার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং যুবসমাজের অগ্রগতির জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সাইফুল ইসলাম রুদ্রের মতো একজন তরুণ ও উদ্যমী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাইফুল ইসলাম রুদ্র দলমত নির্বিশেষে রায়পুরাবাসীর সহযোগিতা, সমর্থন, ভোট ও দোয়া কামনা করেছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি আধুনিক, শান্তিপূর্ণ, উন্নত এবং মানবিক রায়পুরা গঠনের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.